Animul1462198124

এনামুল হক বিজয়

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার সেঞ্চুরির দেখা পেয়েছেন এনামুল হক বিজয়। ২০১৫ সালের ৪ জানুয়ারির পর তার ব্যাট থেকে ওয়ানডে ফরম্যাটের প্রথম সেঞ্চুরি এটি।

 

এছাড়া সব ধরণের ক্রিকেট মিলিয়ে ২৩ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেয়েছেন ডানহাতি এ ওপেনার। জাতীয় ক্রিকেট লিগে সর্বশেষ সেঞ্চুরিটি করেছিলেন বিজয়। ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে রূপগঞ্জের বিপক্ষে ১৫০ ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১১৩ রান করেন বিজয়।

 

এরপর বিশ্বকাপে যান দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরির শিকার বিজয়। এরপর সব ওলট-পালট। তামিমের নতুন সঙ্গী সৌম্য ধারাবাহিকভাবে ভালো করায় জায়গা হারাতে হয় বিজয়কে।

 

এখনো বিজয় জাতীয় দলের বাইরে। এবারের প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করে আবারো জাতীয় দলে ফিরতে মুখিয়ে আছেন বিজয়। লিগের শুরু থেকে দারুণ পারফর্ম করছেন বিজয়। প্রথম ম্যাচে ৬৭ রানের পর দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ৪২ রান। ২০৯ রান নিয়ে এখন পর্যন্ত লিগের টপ স্কোয়ার তিনি। সোমবার ম্যাচজয়ী সেঞ্চুরি ইনিংস উপহার দেওয়ার পর সাংবাকিদের বিজয় বলেন,‘গত লিগে দুটি সেঞ্চুরি ছিল। এবারও শুরুটা ভালো হয়েছে। আজকে সেঞ্চুরি পেলাম। বিশ্বকাপের পর তো ওয়ানডে খেলার সুযোগ পাইনি। এবার ওয়ানডেতে ফিরে এসে ভালো করছি। প্রায় এক বছর পর আমি ওয়ানডে ম্যাচ খেলেছি। যতটুকু হচ্ছে তার থেকেও ভালো করা সম্ভব। আরও ভালো করা উচিত।’

 

দীর্ঘদিন পর সেঞ্চুরির স্বাদ পেয়ে বেশ উচ্ছ্বসিত বিজয়। উচ্ছ্বাস নিয়ে ডানহাতি এ ওপেনার আরও বলেন,‘সেঞ্চুরি সবার জন্যই একটি স্বপ্নের সংখ্যা। আর সেঞ্চুরির মাধ্যমে যখন দল জিতে তখন অবশ্যই ভালো কিছু। সেঞ্চুরি হচ্ছে, হাফসেঞ্চুরি হচ্ছে, ব্যাটে বল আসেতেছে; সব মিলিয়ে অনুশীলন অনুযায়ী ফল পাচ্ছি। এজন্য বেশি ভালো লাগছে।’

 

বিজয়ের ব্যাটিং গ্যালারি থেকে দেখেছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও নির্বাচক হাবিবুল বাশার ‍সুমন। দুজনই বিজয়ের ব্যাটিংয়ে মুগ্ধ। এদিকে বড় ইনিংস খেললেও বিজয়ের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠছে বারবারই। বল ‘নষ্ট’ করার প্রবণতা কিংবা ডট বল খেলার প্রবণতা একটু বেশি! সোমবার শতরানের ইনিংসটি সাজিয়েছেন ৮৫ বলে। যেখানে ডট বল ছিল ৩৮টি। অথচ সিঙ্গেল নিয়েছেন মাত্র ৩২টি। স্ট্রাইট রেট এব্ং স্ট্রাইক রোটেট করার বিষয়টি নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন বিজয়। তার ভাষ্য,‘ওগুলো নিয়ে আমি কাজ করছি। উন্নতি হয়েছে। প্রতিদিন সালাহউদ্দিন (স্যার), জিকো (ভাই) ও উজ্জল (ভাই) এর সাথে কথা হচ্ছে। আমার ভুল ছিল কিন্তু ধরিয়ে দেয়া হয়নি যে কি করলে ভুল শোধরানো সম্ভব। আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ভুল শোধরাতে কাজ করছি। আশা করছি সামনে আরও ভাল হবে।’