মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশের বান্দরবান সীমান্তে পড়ার ঘটনাকে ভুলবশত বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ওই এলাকার সীমান্ত এলাকাটি খুব ক্রিসক্রসড। কখনও কখনও সীমান্ত বোঝা কঠিন হয়ে পড়ে…, সেই কারণে তারা আমাদের সীমান্তের ভেতরে ইচ্ছাকৃতভাবে গোলা বর্ষণ করছে না, আমাদের সীমান্তের ভেতরে যে এক-দুটি গোলা পড়েছে তা ভুলবশত পড়ছে।

নিউইয়র্কের হোটেল লোটে ৭৭তম ইউএনজিএ-তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মোমেন বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে। মিয়ানমার কর্তৃপক্ষ সতর্ক থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়াও পুরো সীমান্ত সিল করে দেওয়া হয়েছে এবং নতুন কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

মন্ত্রী জানান, ইতোমধ্যে কিছু নতুন রোহিঙ্গা চীন এলাকায় চলে গেছে। আমাদের দিকে আসার সাহস করেনি।

বাংলাদেশে অবস্থানরত বাস্তুচ্যুত রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।