চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আগামী উচ্চতর গণিতসহ বিজ্ঞান বিভাগের ৪টি পরীক্ষা স্থগিত করেছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চলমান এসএসসি পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২২ সালের চলমান এসএসসি পরীক্ষার গণিত (১০৯), পদার্থবিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান (১৩৪) ও রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। স্থগিতকৃত বিষয়ের পরীক্ষার তারিখ যথাসময়ে জানিয়ে দেয়া হবে। তবে স্থগিতকৃত বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের পরীক্ষা রুটিনে উল্লেখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
জানা যায়, ইতোমধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে আটক করা হয়েছে।
প্রশ্ন ফাঁসের সত্যতা পাওয়ার পর মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভূরুঙ্গামারী থানা ও ইউএনও কার্যালয়ে রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত দীর্ঘ চার ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর আগে সোমবার (১৯ সেপ্টেম্বর) ইংরেজি প্রথমপত্র ও মঙ্গলবার ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়।
আটককৃতরা হলেন- ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, একই বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক রাসেল আহমেদ ও ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক জোবায়ের ইসলাম।
এ বিষয়ে পুলিশ সুপার (ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেল) মোরশেদুল হাসান জানান, শিক্ষা বোর্ডের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।