বিদেশিদের কাছে নালিশ আর প্রকাশ্যে বিভিন্ন দূতাবাসে সাহায্য চাওয়া বিএনপির মেরুদণ্ডহীন রাজনীতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশ পরিচালনায় নতজানু হওয়ার নজির আওয়ামী লীগের নেই। এটি বিএনপির রয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তারা কথায় কথায় দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ করে। আর দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের অনুরোধ করে।

বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের গোলাবারুদ ও আক্রমণের ঘটনার পুনরাবৃত্তির কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি আন্তর্জাতিক আইন ও প্রটোকলের আলোকে খতিয়ে দেখছে বলে জানান সেতুমন্ত্রী।

তিনি বলেন, এ ঘটনা মিয়ানমারের বিভিন্ন গোষ্ঠীর সাথে তাদের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ফলে ভুলক্রমে ঘটেছে নাকি উসকানিমূলক তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে এদিন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিস্কি। এ সময় রুশ রাষ্ট্রদূত বাংলাদেশে সড়ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন।