আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসরন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধির সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। তবে এ সময় বিদেশে যেতে পারবেন না তিনি।

রবিবার এসব কথা জানিয়েছেন আইনমন্ত্রী।

এর আগে, দুই মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আবেদন করে তার পরিবার।

গত ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার মুক্তির মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন। তাতে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়ারও অনুরোধ করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। এরপর উচ্চ আদালতে জামিন করাতে ব্যর্থ হওয়ার পর খালেদা জিয়ার স্বজনরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন নিয়ে যান। পরে দেশে করোনা বাড়লে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়।