রাস্তায় ফেলে রাখা গণপূর্তের প্রকল্পের নির্মাণসামগ্রী নিলামে বিক্রি করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

শনিবার মিরপুরের পাইকপাড়া এলাকায় এডিস মশার বিরুদ্ধে সচেতনতামূলক অভিযানে এসে ফুটপাতে ও রাস্তায় রড পড়ে থাকতে দেখেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সাথে সাথে ওই মালামাল নিলামে ওঠানোর নির্দেশনা দেন তিনি।

মেয়র আতিকুল ইসলাম জানান, ৩০০ টনের মতো রড আছে। সব মিলিয়ে ৪-৫ কোটি টাকার মালামাল ছিলো। এসব মালামাল নিলামে বিক্রি হয়েছে ১৮ লাখ ৪৫ হাজার টাকায়।

এছাড়া নির্মাণাধীন ভবনের কর্তৃপক্ষকে না পেয়ে ডিএনসিসি মেয়র সড়ক ও ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াঙ্কার নেতৃত্বে ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা সব নির্মাণসামগ্রী জব্দ করে উন্মুক্ত নিলামের ডাক দেওয়া হয়।