মির্জা ফখরুল সাহেবরা হৃদয়ে পাকিস্তানকে ধারণ করেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘পাকিস্তানই ভালো ছিল’ গত পরশুদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের দেওয়া এমন বক্তব্যে প্রমাণিত হয় তিনি এবং তার দল পাকিস্তানের এজেন্ট। বিএনপি পাকিস্তানের দালালি করে। যে পাকিস্তান আজকে আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, যে পকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের প্রশাংসা করেন সেই পাকিস্তানকে নিয়ে মির্জা ফখরুলদের আফসোস।
তিনি আরও বলেন, মির্জা ফখরুল সাহেবরা আসলে হৃদয়ে পাকিস্তানকেই ধারণ করে। তারা পাকিস্তানের এজেন্ট। তাই আমাদের দেশকে পাকিস্তানের এজেন্টদের হাত থেকে রক্ষা করতে হবে। এরা যদি আবার সুযোগ পায় তাহলে দেশকে আবার পাকিস্তান বানিয়ে ফেলার চেষ্টা করবে। বাংলাদেশে পাকিস্তানী এজেন্টদের কোনো জায়গা নেই।
উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুল মান্নান তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব রানার সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ছিলেন উত্তরজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি আকবর আলী চৌধুরী, দফতর সম্পাদক রেজাউল করিম রেজা, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, জাতীয় পরিষদ সদস্য মোতাহের হোসেন বাবুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বর্তমান সভাপতি আবদুল মান্নান তালুকদার ও সম্পাদক আয়ুব রানাকে পুনরায় তিনবছরের জন্য নির্বাচিত করা হয়।