যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির কারণে চীন থেকে বাংলাদেশ কিছুটা সরে এসেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের মওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে ‘মিট দ্য ওকাব উইথ টিপু মুনশি’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির কারণে আমরা চীন থেকে কিছুটা সরে আসছি। তারপরও আমাদের আমদানিতে চীন-ভারতের ওপর নির্ভরতা আছে। মূলত আমাদের ইন্ডাস্ট্রি তৈরি না হওয়া পর্যন্ত এই নির্ভরশীলতা থাকবে। বৈশ্বিক চাওয়া ম্যান মেইড ফাইবার আমাদের নেই। তাই বিদেশ থেকে আনতে হচ্ছে। সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে।’

ডিমের বাজার নিয়ন্ত্রণে আমদানি করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কৃষি মন্ত্রণালয় পজিটিভ হলে ডিম আমদানি করা হবে। দাম নির্ধারণ হবে আলোচনার মাধ্যমে। ভারত থেকে ডিম আমদানি করে কম মূল্যে ভোক্তাদের দেওয়ার পক্ষে আমি। আজই কৃষি মন্ত্রণালয়ে বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ বিষয়ে কাগজ পাঠাব। তবে কৃষকদের স্বার্থের বিষয়টিও দেখতে হবে।’

মন্ত্রী বলেন, ‘গতবারের তুলনায় এবার ২০ শতাংশ বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। ডলারের মূল্যবৃদ্ধি পেয়েছে। আমরা চাই রেডিমেড গার্মেন্টস তার ধারাবাহিকতা বজায় রাখুক। পাশাপাশি আইসিটি ও চামড়া খাতে উৎপাদন বাড়ানোর চেষ্টা করছি। ১০টি আইটেমের উৎপাদন বাড়াতে পারলে আমাদের রপ্তানি বাড়বে। আমরা চেষ্টা চালাচ্ছি এটি বাড়াতে।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওকাবের আহ্বায়ক কাদির কল্লোল। এ সময় ওকাবের সদস্যসচিব নজরুল ইসলাম মিঠুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।