বিনোদন Ghat_kapor1461752962ডেস্ক : নানারূপে পর্দায় হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এবার বদ্ধ মাতাল চরিত্রে হাজির হচ্ছেন এই অভিনেতা। ‘ঘাট কাপড়’ শিরোনামের একটি টেলিফিল্মে এমন চরিত্রে দেখা যাবে তাকে। মুন্সী প্রেমচাঁদের গল্প অবলম্বনে টেলিফিল্মটি পরিচালনা করেছেন আরিফ শরীফ।

‘ঘাট কাপড়’ টেলিফিল্মের গল্প প্রসঙ্গে নির্মাতা আরিফ শরীফ জানান, বাবা ঘিসু। ছেলে মাধব। দুজনেই  নেশাগ্রস্ত। কোনো কাজ কর্মের ধারে কাছে নেই তারা। মানুষ কাজের কথা বললে কোনো না কোনো অজুহাতে এড়িয়ে যায় বাপবেটা। অথচ তাদের ঘরে খাবার নেই।

 

এদিকে মাধবের গর্ভবতী স্ত্রী অসুস্থ। তাকে কবিরাজের কাছে নেয়ার মতোও টাকা তাদের নেই।

মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে তাদের দিন চলে। স্ত্রীকে ডাক্তার দেখানোর কথা বলে জমিদার বাবুর কাছ থেকে টাকা এনে সেই টাকা দিয়ে দুজন মিলে মদ খায়। একদিন মাধবের অসুস্থ স্ত্রী মারা যায়। তার সৎকারের জন্য কাপড় কেনার কথা বলে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে। কিন্তু  সেই টাকা দিয়েও মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে বাপ ছেলে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘ঘাট কাপড়’।

এই টেলিফিল্মের মাতাল ঘিসু চরিত্রে অভিনয় করেছেন আমিরুল ইসলাম। আর মাধবের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। এতে জমিদারের চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল। এছাড়াও আরো অভিনয় করেছেন রোবেনা রেজাসহ অনেকেই।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এই টেলিফিল্মটি।