রওশন এরশাদের বদলে জিএম কাদেরকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা করার প্রস্তাবে সমর্থন জানিয়েছে জাতীয় পার্টির দলটির প্রেসিডিয়াম সদস‌্যরা।

অন্যদিকে, রওশন এরশাদের পক্ষ নিলে, যত বড় নেতাই হোক না কেন তাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কারের হুমকি দিয়েছেন দলটির চেয়ারম‌্যান জিএম কাদের।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্যে এ হুমকি দেন জিএম কাদের। প্রয়োজনে দলের সব পদ থেকে রওশন এরশাদকে সরিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জিএম কাদেরের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন—দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, বিরোধীয় দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল  ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এ টি ইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রতনা এমপি, আব্দুর রশীদ সরকার, শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, মোস্তাফিজুর রহমান মোস্তফা, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মো. মিজানুর রহমান, সৈয়দ দিদার বখ্ত, নাজমা আখতার এমপি, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, নাছির উদ্দিন মাহমুদ, মো. জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মোহাম্মদ আতিকুর রহমান আতিক। দলীয় সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—  পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের, নুরুল ইসলাম তালুকদার, শরিফুল ইসলাম জিন্নাহ, পনির উদ্দিন আহমেদ। ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান।

সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা করতে সংসদীয় দলের সভার প্রস্তাবনার প্রতি সমর্থন জানান প্রেসিডিয়াম সদস্যরা। সভায় আরও সিদ্ধান্ত হয়েছে—জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সাথে কেউ হাত মেলালে তিনি যে পর্যায়ের নেতাই হোন, তাকে দলের গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করা হবে।