জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশকে অন্যতম প্রধান পুলিশ সদস্য প্রেরণকারী দেশ হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘ পুলিশ প্রধান লুইস কারিলহো। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকের সময় লুইস কারিলহো একথা বলেন। এসময় জাতিসংঘ পুলিশ প্রধান ও আইজিপি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালি ও ডিআর কঙ্গোতে কর্তব্যরত পুলিশের সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করে লুইস কারিলহো বলেন, ‘বাংলাদেশ শান্তিরক্ষা কার্যক্রমে নারী পুলিশ সদস্য মোতায়েন করে আসছে,  যা নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

এসময় আইজিপি বেনজীর আহমেদ বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের যে কোনো প্রয়োজনে সাড়া দিতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।’ আইজিপি আফ্রিকার ঝুঁকিপূর্ণ শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের দক্ষ ও পেশাদারী বিশেষায়িত ইউনিট মোতায়েনের অনুরোধ জানান।

এক্ষেত্রে আইজিপি সোয়াট, ক্যানাইন, রিভারাইন ও গার্ড পুলিশ এবং ফরেনসিক ইউনিটসহ বিভিন্ন বিশেষায়িত ইউনিট মোতায়েন এবং জাতিসংঘ পুলিশের জন্য বিভিন্ন কর্মসূচি ও প্রশিক্ষণ আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতার কথা তুলে ধরেন।

বেনজির আহমেদ জাতিসংঘ সদর দপ্তরে এবং শান্তিরক্ষা কার্যক্রমের মাঠ পর্যায়ে উচ্চ পদে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের নিয়োগেরও অনুরোধ জানান সংস্থাটির পুলিশ প্রধানের কাছে। বৈঠকে শান্তিরক্ষা মিশনের জন্য বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহের বিষয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসডিজি বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের তাৎপর্যপূর্ণ অবদানের কথা তুলে ধরেন আইজিপি।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশ আগামী দিনগুলোতেও সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন জাতিসংঘ পুলিশ প্রধান।

বৈঠকে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. সাদেকুজ্জামান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ওভারসিজ অ্যান্ড ইউএন অপারেশন শাখার অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজের উপস্থিত ছিলেন।