জাতিসংঘ পুলিশ সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার তিনি ভিসা পেয়েছেন।
পুলিশ সদরদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেওয়ার কথা রয়েছে পুলিশপ্রধানের।
বিশ্বের বিভিন্ন দেশের পুলিশপ্রধানদের নিয়ে জাতিসংঘের তৃতীয় সম্মেলন শুরু হবে। ওই সম্মেলনে বেনজীর আহমেদসহ ছয় সদস্যের প্রতিনিধি দলের অংশ নেওয়ার কথা। ৩০ আগস্ট তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ৬ সদস্যের এই দলে আরও রয়েছেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম।
গত বছরের ১০ ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদসহ বাহিনীর সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। এ নিষেধাজ্ঞার কারণে তার যুক্তরাষ্ট্র যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। অবশেষে তিনি ভিসা পেয়েছেন।