আন্তর্জাতিক
ডেস্ক : ভারতের বিহার রাজ্যের এক নগর কর্তৃপক্ষ দেবতা হনুমানের বিরুদ্ধে বকেয়া কর প্রদানের জন্য নোটিশ জারি করতে যাচ্ছে। হনুমানের নামে থাকা তিনটি সম্পত্তিতে ৪ লাখ ৩৩ হাজার রুপি বকেয়া কর পরিশোধে এ নোটিশ জারি করা হবে বলে শনিবার ভোজপুর জেলার আরা মিউনসিপ্যাল করপোরেশন জানিয়েছে।
নগর কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, সদর হাসপাতালের কাছে বাদি মাথিয়াতে হনুমানের নামে তিনটি সম্পত্তি রয়েছে। এর আগে মন্দির কর্তৃপক্ষকে দুইবার বকেয়া কর পরিশোধের জন্য বলা হয়েছিল।
আরা মিউনসিপ্যাল করপোরেশনের কমিশনার প্রমোদ কুমার বলেন, সম্পত্তির মালিকের বিরুদ্ধে বকেয়া কর পরিশোধের নোটিশের বিধান রয়েছে। মন্দিরের সম্পত্তিগুলো দেবতা হনুমানের নামে। আমরা মন্দির কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে দেব।
তিনি বলেন, ‘শহরের বিভিন্ন জায়গায় ছয়টি বিলবোর্ড স্থাপন করে সেখানে আমরা কর খেলাপিদের নামে প্রকাশ করবো। যদি দেবতা হনুমানকে লেখা নোটিশের জবাব না পাওয়া যায় তাহলে আমরা তার নামও বিলবোর্ডে লিখব।’
এর আগে গত ফেব্রুয়ারিতে এই রাজ্যের রোহতাস জেলায় একটি মামলায় দেবতা হনুমানকে আদালতে হাজিরের সমন জারি করা হয়েছিল।