.3

আনু মুহাম্মদ

নিজস্ব প্রতিবেদক : বাঁশখালীর হত্যাকাণ্ডেরর দায় প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টাকে নিতে হবে বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।

 

শুক্রবার রাজধানীর পল্টনে মুক্তি ভবনে কমিটি আয়োজিত ‘বিপণ্ন সুন্দরবন, বাঁশখালী এবং বিপর্যস্ত বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

 

আনু মুহাম্মদ বলেন, ‘বাঁশখালীর হত্যাকাণ্ড এমনিতেই হয়নি। এর পেছনে অনেকের ষড়যন্ত্র আছে। অনেকেই এর জন্য দায়ী। একটি ভাড়াটিয়া গোষ্ঠী দিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আর এখন তোতা পাখির মতো কথা বলে মানুষকে বোকা বানানো যাবে না। আমি মনে করি, এ খুনের দায়দায়িত্ব জ্বালানি উপদেষ্টাকে নিতে হবে।’

 

তিনি আরো বলেন, ‘কয়েক দিন পরপর সুন্দরবনে এমনিতে আগুন লাগে না। সুন্দরবনে আগুন লাগা সরকারের চক্রান্ত। এ আগুন লাগার পেছনেও ষড়যন্ত্র আছে। বন ধ্বংস করে ফাঁকা জমি বানানোর জন্য সুন্দরবনে আগুন লাগানো হচ্ছে। আর এভাবেই বন উজাড় করে ফাঁকা জায়গায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে সরকার। সুন্দরবন এবং বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে সঠিক যুক্তি তুলে ধরতে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনায় বসতে চায় না। প্রকৃতপক্ষে একটি গোষ্ঠীকে সুবিধা দিতেই সরকার এগুলো করছে।’

 

আলোচনা সভায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসতে সাহস পায় না।’

 

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, প্রাবন্ধিক আবুল মকসুদ, বুয়েটের অধ্যাপক আসিফুর রহমান, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।