45

মুস্তাফিজুর রহমান

ক্রীড়া ডেস্ক :  সাদা বলে ডেথ বোলিংয়ে ‍মুস্তাফিজুর রহমানকে ভয়ংকর বলেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ মুস্তাফিজুর রহমান ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন।

 

প্রথম তিন ম্যাচেই মুস্তাফিজুর রহমান সবার মন জয় করে নেন। প্রতি ম্যাচেই উইকেট পাচ্ছেন। সোমবার নিজের তৃতীয় ম্যাচেও ৩২ রানে নিয়েছেন ১ উইকেট। ফিল্ডাররা ভালো ফিল্ডিং করতে পারলে দুটি চার কম হজম করতে হত এ বিস্ময়কর পেসারকে।

 

নয়তো প্রথম দুই ম্যাচের মতো মুস্তাফিজের নামের পাশে কম রান যোগ হত। নিজের প্রথম দুই ম্যাচে ২৬ রানে ২ উইকেট ও ২৯ রানে ১ উইকেট নেন মুস্তাফিজ। তৃতীয় ম্যাচে জয়ের স্বাদ পাওয়া ম্যাচে কার্যকরী বোলিং করেন মুস্তাফিজ।

 

শেষ দিকে বোলিংয়ে এসে আউট করেন ভারতের বিধ্বংসী অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। এয়ার সুইং ইউর্কারে পান্ডিয়ার স্ট্যাম্প উড়িয়ে দেন বাহাতি এ পেসার।

 

সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে শুরুতে (পাওয়ার প্লে) এক ওভার বোলিং করলেও শেষ দিকে মুস্তাফিজকে বেশি ব্যবহার করা হচ্ছে। যে সময়ে ব্যাটসম্যানরা বেশি আক্রমণে যায় সে সময়ে মুস্তাফিজের হাতে বল তুলে দেন ওয়ার্নার। আস্থার প্রতিদান দেন সাতক্ষীরার এ তারকাও। রানের চাকা থামিয়ে রাখার পাশাপাশি ব্যাটসম্যানদের বিভ্রান্ত করছেন নিজের বিস্ময়কর কাটার ও স্লোয়ারে। যাতে মুগ্ধ আইপিএল, ভারত।

 

মঙ্গলবার মুস্তাফিজের ডেথ বোলিং নিয়ে ডেভিড ওয়ার্নার বলেন,‘প্রথম ছয় ওভারে তাকে (মুস্তাফিজ) দিয়ে এক ওভার বোলিং করানোর পর শেষ দিকে তাকে দিয়ে তিন ওভার করানো ভালো। তার জন্যে ওটাই আদর্শ পরিবেশ। সে খুব, খুব ভালো ডেথ বোলার। এটা তার শিল্প। আমি নিশ্চিত করে তা বলতে পারি। অনেকটা মিচেল স্টার্কের মত। সাদা বলে যে যেরকম্ হোক না কেন ডেথ বোলিং সে ভয়ংকর। শেষ দিকে তার বোলিংয়ে রান তোলা দুরূহ একটি কাজ।’