আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়ে দুই রকম কথা বলার ব্যাখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৭ জুলাই) এক বৈঠক শেষে আইএমএফের কাছে ঋণ চেয়ে চিঠি দেওয়ার কথা স্বীকার করেন অর্থমন্ত্রী। অথচ চারদিন আগেই অর্থমন্ত্রী বলেছিলেন, আইএমএফয়ে কাছ থেকে আপাতত ঋণ নেওয়ার প্রয়োজন নেই।

দুই রকম কথা বলার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আমরা যদি সবসময় বলি টাকা লাগবে, এতে করে আমাদের চাহিদা প্রকাশ পায়। আইএমএফ টিম যখন ঢাকায় এসেছিলেন, সে সময় যদি বলি আমাদের টাকা দরকার, তখন তারা টাকা দিলেও সুদহার বাড়ানোর সম্ভাবনা থাকে। তাই, আমরা ভাব দেখাই আমাদের দরকার নেই, এটাই হলো মূল কথা। সে কারণে সে সময় বলিনি আমাদের ঋণ প্রয়োজন।

এ সময় আইএমএফের কাছে ঋণ চেয়ে চিঠি দেওয়ার কথা স্বীকার করলেও নির্দিষ্ট পরিমাণ অর্থ চিঠিতে উল্লেখ করা হয়নি বলে দাবি করেন মুস্তফা কামাল।

এদিকে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে আইএমএফফের কাছ থেকে বাংলাদেশের ঋণ চাওয়ার বিষয়টি বেশ কিছু দিন ধরেই আলোচনায় ছিল। তবে গত সপ্তাহে অর্থমন্ত্রী এমন আশঙ্কা নাকচ করে বলেছিলেন, এই মুহূর্তে আইএমএফের কোন সহযোগিতার প্রয়োজন নেই। কিন্তু মঙ্গলবার কয়েকটি সংবাদ মাধ্যমে আইএমএফের কাছে বাংলাদেশের ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চাওয়ার খবর আসে। এরপরই আজ সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে বিষয়টি পরিষ্কার করেন অর্থমন্ত্রী।