ক্রীড়া ডেস্ক : আইপিএলের নবম আসরে এ পর্যন্ত তিনটি ম্যাচে মাঠে নেমেছে গুজরাট লায়ন্স।
তিনটি ম্যাচের তিনটিতেই জিতেছে সুরেশ রায়নার নেতৃত্বাধীন দলটি। এ যাত্রায় শনিবার রাতে তারা হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে।
মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে শেষ বলে জয় তুলে নেয় গুজরাট লায়ন্স।
গুজরাটের জয়ে ব্যাটহাতে সবচেয়ে বড় অবদানটি রাখেন অ্যারোন ফিঞ্চ। আজও ব্যাট হাতে তিনি ছিলেন রুদ্রমূর্তিতে। ৫৪ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। তার ইনিংসে ৭টি চারের মারের পাশাপাশি একটি ছক্কার মারও ছিল। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে অধিনায়ক সুরেশ রায়নার ব্যাট থেকে।
বল হাতে মুম্বাই ইন্ডিয়ান্সের মিশেল ম্যাক্লেনাঘান ৪টি উইকেট নেন। ২টি উইকেট নেন বুমরাহ। ১টি উইকেট নেন হার্দিক পান্ডে।
ম্যাচসেরা নির্বাচিত হন গুজরাট লায়ন্সের অ্যারোন ফিঞ্চ।
এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসে ১৪৩ রানের ইনিংসে সর্বোচ্চ ৩৪ রান করেন পার্থিব প্যাটেল। ২০ করে রান করেন রাইডু ও পান্ডে। ১৬ রান করেন জস বাটলার। আর বল হাতে গুজরাট লায়ন্সের ধাওয়াল কুলকারনি ও প্রভিন তাম্বে ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট শিকার করেন সাদাব জাকতি, ডোয়াইন ব্রাভো ও জেমস ফকনার।
এ জয়ের ফলে ৩ ম্যাচে থেকে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে গুজরাট লায়ন্স। তিন ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।
