দেশের সব এলাকায় আগামী এক সপ্তাহ বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত অন্তত এক ঘণ্টা লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ সোমবার বিকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, এক সপ্তাহ পর্যবেক্ষণ করে পরের সপ্তাহে লোডশেডিংয়ের পরিমাণ বাড়ানো বা কমানো হবে।
তিনি আরও বলেন, খরচ কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখার ও সপ্তাহে একদিন পেট্রল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে জ্বালানি আমদানির খরচ ২০ শতাংশ পর্যন্ত কমবে।
গণমাধ্যম কর্মীদের প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, বিদ্যুৎ উৎপাদনে সরকারের খরচ সাশ্রয়ে এবং বড় ধরনের অর্থনৈতিক সংকট এড়াতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।