গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে পানিবাহিত রোগে আক্রান্ত ৪৯২ জন রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এই বিভাগে বন্যা পরবর্তী পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৪ জনে।
শনিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে পানিবাহিত রোগে আক্রান্ত ৪৯২ জন রোগী শনাক্ত করা হয়েছে। পানিবাহিত রোগে সর্বোচ্চ হবিগঞ্জ জেলায় ২০০ জন আক্রান্ত হয়েছেন। সর্বনিম্ন আক্রান্ত হয়েছেন সিলেটে ৬১ জন। এছাড়া মৌলভীবাজারের ১৩৫ জন ও সুনামগঞ্জের ৯৬ রোগী শনাক্ত হয়েছে। এসব রোগীর মধ্যে ২১৮ জন ডায়রিয়ায় আক্রান্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘বন্যাকবলিত সিলেট বিভাগে ৪২৮টি মেডিক্যাল টিম কাজ করছে। তারা সিলেট বিভাগের ৩৯ উপজেলার মধ্যে বন্যাদুর্গত ৩৩ উপজেলায় কাজ করছে।’
প্রসঙ্গত, পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে বন্যায় সিলেট ও সুনামগঞ্জের ৯০ ভাগ এলাকা প্লাবিত হয়। সিলেটের ১৩ উপজেলার সবকটা ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়। এখনো অনেক এলাকা পানিতে নিমজ্জিত রয়েছে। বেশিরভাগ এলাকায় পানি কমলেও এখনো দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে বন্যার পানি নেমে যায়নি।