দুধে-ভাতে শিক্ষক!
জিয়া হক

বিসিএসে ফেলটুস, ব্যাংকেও গতি নাই
ইউরোপে চলে যাবো, লাইফের ক্ষতি নাই।
বউ বলে দেশে থাকো, বাবা-মাও তা-ই কয়
ব্যবসায় মন দাও— বড়বোন ভাই কয়।

কিচ্ছু করার নাই, শিক্ষকে আসে তাই?
‘আধা পড়া গাধা’ বলে কতজন হাসে তাই!

এই দেশে টিচারের সিকি-আনা দাম নাই
কোনো ভালো অবদানে কোনোকালে নাম নাই।

গুগলের যুগে কেন শিক্ষক দরকার
ভাবার সময় আজি, ভেবে দেখো সরকার!

নেট থেকে পড়ে নিবো প্রয়োজন হয় যদি-
এক ক্লিকেই সব— জাগে সংশয় যদি।

দুধে-ভাতে কেন তবু শিক্ষক পালবেন?
শতভাগ বিদ্যুতে দেশে আলো জ্বালবেন!

আমরা সোনার ছেলে— ভুল ধরো আমাদের?
বালিকার হাত ধরে দোষটা কী সামাদের?

সুন্দরী ললনায় কার মন গলে নাই
কোনজন ভালোবেসে ‘হাই জান’ বলে নাই!

ডিজিটাল যুগে কেন শিস দিলে টিজ হয়
হ্যান্ডসাম ছেলে কেন হুদাই মফিজ হয়?

স্যারদের কাজ নাই, তাই ‘কামে’ বাঁধ দেয়
কলিজাটা কত বড়! সবখানে হাত দেয়।

কিক মেরে ফেলে দিছি সে দিন না পুকুরে
গোনার সময় নাই নিউটন ফুকুরে!

যে যাওয়ার চলে গেছে, বুঝতে কি পারি না
বিচারের দাবি-দাওয়া বেশি বাড়াবাড়ি না???