স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সিলেট ও সুনামগঞ্জবাসী। ক্রমশ অবনতি ঘটছে পরিস্থিতির। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে দুর্বিষহ দিন পার করছেন লাখ লাখ মানুষ। শোবিজের অনেক তারকা বানভাসি মানুষদের সহযোগিতার উদ্যোগ নিয়েছেন। দুই-একদিনের মধ্যেই বন্যার্তদের জন্য ট্রাকভর্তি খাবার পাঠাবেন চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল।

ফেসবুক লাইভে ডিপজল জানান, ‘খুব দ্রুত আমরা ত্রাণ নিয়ে যাবো। আমিও যেতাম, কিন্তু শারীরিকভাবে ফিট না থাকার কারণে যেতে পারছি না। তবে খাবার পাঠানোর ব্যবস্থা করছি। সপ্তাহে বা পনেরো দিনে ৫-১০ ট্রাক খাবার অবশ্যই পাঠাবো।’

তিনি আরও বলেন, ‘সবাই শিশু বাচ্চাদের জন্য বেশি করে খাবার পাঠাবেন। তারাই বেশি কষ্টে থাকে। বাবা-মা ১-২ দিন না খেয়ে থাকতে পারে কিন্তু বাচ্চারা পারে না। এজন্য আমি বাচ্চা আইটেম বাড়িয়ে দিচ্ছি।’

ডিপজল যোগ করেন, ‘সবাই শুকনা খাবার দিবেন। কারণ সেখানে রান্না করার ব্যবস্থা নেই। যে যেখানে আছেন তাদের সাহায্যে ঝাঁপিয়ে পড়েন। আপনারা যে কষ্ট করছেন, তারা তার চেয়েও বেশি কষ্ট করছে। কেউ ঘরে থাকে না, বিভিন্ন স্কুল-কলেজে থাকছেন। মানুষের বিপদে পাশে দাঁড়ালে আল্লাহর তরফ থেকে ভালো কিছু পাবেন।’