টানা ১৬ টা বছর। ৫৪৬ ম্যাচ। ২৫টি ট্রফি। রিয়াল মাদ্রিদে বর্ণিল এক ক্যারিয়ার কাটানোর পর অবশেষে ইতি টানলেন মার্সেলো। সোমবার (১৩ জুন) প্রিয় ক্লাবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ব্রাজিলিয়ান এ কিংবদন্তি ফুটবলার। এদিকে, রোনালদোর বিদায়ে রিয়াল মাদ্রিদের সাবেক-বর্তমান অনেক ফুটবলারই হৃদয় নিংড়ানো মন্তব্য করেছেন। বাদ যাননি ক্লাবটির সাবেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও। একসময়ের সতীর্থর বিদায়ে আবেগঘন মন্তব্য করেছেন সিআরসেভেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মার্সেলো সম্পর্কে রোনালদো বলেন, ‘টিমমেট থেকেও বেশি কিছু, ফুটবল আমাকে একজন ভাই দিয়েছে।’ আরও বলেন, ‘বিশ্বসেরা এই তারকার সঙ্গে এক সময় ড্রেসিংরুম শেয়ার করতে পেরে আমি আনন্দিত। নতুন জার্নির জন্য শুভকামনা মার্সেলো!’ এদিকে, আরেক কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস এক পোস্টে বলেন, তুমি এসেছিলে সেই শৈশবে। ধন্যবাদ কিংবদন্তি। ভবিষ্যতের জন্য শুভকামনা প্রিয় বন্ধু।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান সতীর্থ ভিনিসিয়াস জুনিয়র বলেন, মার্সেলো, সবকিছুর জন্য ধন্যবাদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্লাবের সর্বাধিক টাইটেলধারী কিংবদন্তি।আরেক সতীর্থ টনি ক্রুস বলেন, এটা নির্ধিদ্বায় বলা যায়, সর্বকালের সেরা লেফট ব্যাকের সঙ্গে আমি খেলেছিলাম।
একটা স্বপ্ন নিয়ে ২০০৭ সালে ব্রাজিল থেকে স্পেনে এসেছিলেন মার্সেলো। স্বপ্ন ছিল বিশ্বসেরাদের তালিকায় নাম লেখানো। গেল ১৬ বছরে মার্সেলো সেটা করে দেখিয়েছেন। নিজেকে প্রমাণ করেছেন বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে। সান্তিয়াগো বার্নাব্যুর প্রতিটা ইট কাঠের সঙ্গে নিজের অস্তিত্ব জড়িয়ে আছে। তাইতো বিদায় বলাটা এতটা সহজ ছিল না মার্সেলোর জন্য।
চমৎকার নেতৃত্বগুণ, আর রক্ষণ সামলানোর অসামান্য দক্ষতায় মার্সেলো নিজেকে পরিণত করেছিলেন রিয়ালের অবিচ্ছেদ্য অংশ হিসেবে। বিদায়বেলা অনেকেরই আক্ষেপ, শেষটা রঙ্গিন না করতে পারার। মার্সেলোর ক্ষেত্রে সেটাও হয়নি। সৃষ্টিকর্তা দু’হাত ভরে দিয়েছেন এই ডিফেন্ডারকে। মাত্র কদিন আগে প্যারিস জয় করে ফিরেছেন। রিয়াল মাদ্রিদ জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের ১৪তম শিরোপা।
১৬ বছর। ৫৪৬ ম্যাচ ২৫টি ট্রফি। বর্ণিল ক্যারিয়ারে এমন অর্জন কজনেরই ভাগ্যে জোটে? মার্সেলোর মত বীরকে বিদায় বলতে তাই বুকটা ভেঙ্গে গিয়েছিল কোচ কার্লো আনচেলত্তি ও ক্লাবটির কিবদন্তি ফুটবলার রাউলের। দীর্ঘ ক্যারিয়ারে নিজের এমন সাফল্যের জন্য সতীর্থ, পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন মার্সেলো।
বলেন, আমি যখন ব্রাজিল ছেড়ে রিয়াল মাদ্রিদে আসি। তখন অনেক স্বপ্ন দেখতাম। রিয়াল মাদ্রিদ সেগুলো বাস্তবায়নের পথ করে দিয়েছে এ জন্য সবাইকে ধন্যবাদ। এ যাত্রায় আমার পরিবারও পাশে থেকেছে সব সময়। ১৮ বছর বয়সে আমি রিয়ালের হয়ে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলাম। আর আজ আমি পরিণত একজন মানুষ। এ স্বপ্নযাত্রার পুরো কৃতিত্ব রিয়ালের।
রিয়াল মাদ্রিদ এক সময় বিশ্বের সেরা ক্লাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে বলেও বিশ্বাস মার্সেলোর। কিংবদন্তি এ ফুটবলার বলেন, রিয়াল মাদ্রিদ তরুণদের জন্য সেরা জায়গা। আমার ছেলেও এখানকার যুব দলে খেলে। প্রতিশ্রুতিশীলদের মেলে ধরার জন্য রিয়াল সেরা জায়গা। রিয়াল ফুটবল বিশ্বকে শাসন করবে। এমন অসাধারণ ক্ষণে পরিবার ও সন্তানরাও এসেছিলেন তার বিদায়ে সামিল হতে।