বিনোদর ডেস্ক
: না ফেরার দেশে চলে গেছেন গুণী চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন। দীর্ঘদিন রোগ ভোগের পর আজ সোমবার সবাইকে কাঁদিয়ে চির বিদায় নিয়েছেন এই জনপ্রিয় নির্মাতা।
নির্মাতা খোকনের এমন চলে যাওয়ায় শোকের ছায়া নেমেছে পুরো চলচ্চিত্রাঙ্গনে। চলচ্চিত্রাঙ্গনের নির্মাতা ও অভিনয়শিল্পীরা তাদের সমাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করেছেন। জানিয়েছেন তাদের অভিব্যক্তি।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, ‘জনপ্রিয় পরিচালক শহীদুল ইসলাম খোকন ভাই আর নেই! উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’
চিত্রনায়ক সায়মন সাদিক লিখেছেন, ‘ঘুম থেকে উঠে শুনি- শহীদুল ইসলাম খোকন (চলচিত্র পরিচালক) আপনি চলে গেছেন!!! খুব কষ্ট লাগল কিন্তু কিছুই করার নাই। আপনি অনেক ভালো থাকবেন স্যার।’
নির্মাতা অনন্য মামুন লিখেছেন, ‘খোকন ভাই, আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুন।’
চিত্রনায়ক শাহরিয়াজ লিখেছেন, ‘খোকন স্যার লিজেন্ড। বাংলা সিনেমা তার গান গাইবে চিরকাল।’
১৯৭৪ সালে মাসুদ পারভেজ পরিচালিত ‘দস্যু বনহুর’চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন শহীদুল ইসলাম খোকন। ১৯৮৫ সালে ‘রক্তের বন্দী’ ছবির মাধ্যমে মূল পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে। প্রায় ৪০টি চলচ্চিত্র পরিচালনা করেছেন এই নির্মাতা।