
শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের বদলে গণ-অভ্যুত্থানের মাধ্যমেই সরকারের পতন ঘটানোর আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তিনি নেতা-কর্মীদের প্রতি এ আহ্বান জানান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামে একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।
দুদু জানান, দেশের গণতন্ত্র, নির্বাচন ও সাধারণ মানুষের অধিকার আজ পলাতক। নির্বাচন নামক শব্দটিকে এই সরকার ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনার সরকার তৎকালীন পাকিস্তান সরকারের মতো আচরণ করছে।
তাই নির্বাচনের বদলে গণ-অভ্যুত্থানের মাধ্যমেই সরকারের পতন ঘটাতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপি নেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কঠোর সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে যে দল ৯০ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করবে, সেই দলীয় প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি লজ্জার বিষয় ছাড়া আর কিছুই নয়।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রসঙ্গ টেনে শামসুজ্জামান দুদু বলেন, কোনো সভ্য দেশে রাষ্ট্রীয় ও কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা চুরি হলে সে দেশের অর্থমন্ত্রী অনেক আগেই পদত্যাগ করতেন। কিন্তু কি আশ্চর্যের বিষয় রিজার্ভ ব্যাংকের এত বড় চুরি হওয়ার পরও এ দেশের অর্থমন্ত্রী পদত্যাগ করলেন না। এটা বাংলাদেশ বলেই সম্ভব।
এ সময় কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক বিষয় সহসম্পাদক এ বি এম মোশারফ হোসেন, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ।