
২০১৫ সালের জুনে পরীক্ষামূলক যাত্রার সময় গতিমান এক্সপ্রেস
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সর্বোচ্চ গতির ট্রেন ‘গতিমান’ চালু হচ্ছে মঙ্গলবার থেকে। গতিমানের প্রথম যাত্রার মধ্য দিয়ে ভারতের রেলওয়ের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
গতিমান এক্সপ্রেসের সর্বোচ্চ গতি ধরা হয়েছে প্রতিঘণ্টায় ১৬০ কিলোমিটার। ট্রেনটি নিয়মিতভাবে দিল্লি থেকে আগ্রা পর্যন্ত চলাচল করবে। এখনো ভারতের সর্বোচ্চ গতির ট্রেন হলো শতাব্দী এক্সপ্রেস। প্রতিঘণ্টায় ১৫৫ কিলোমিটার পথ পাড়ি দেয় এটি। আশা করা হচ্ছে, মঙ্গলবার থেকে ভারতের সর্বোচ্চ গতির ট্রেন হবে গতিমান।
ভারতের রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গতিমান এক্সপ্রেস নামের সর্বোচ্চ গতির ট্রেনটি চলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আগামী ৫ এপ্রিল এর উদ্বোধন করা হবে। এটির উদ্বোধনী যাত্রাপথ হবে দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত।
ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভূ মঙ্গলবার সকাল ১০টায় তার কার্যলয় থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ট্রেনটির প্রথম যাত্রার উদ্বোধন করবেন। তবে উদ্বোধনের সময় পরিবর্তন হতে পারে। সকাল ৮টা ১০ মিনিটে নিজামউদ্দিন স্টেশন থেকে ছেড়ে ১০০ মিনিটে অর্থাৎ সকাল ৯টা ৫০ মিনিটে আগ্রা ক্যানটনমেন্ট স্টেশনে পৌঁছানোর সময় নির্ধারণ করা হতে পারে। প্রথমে ধরা হয়েছিল, ৯০ মিনিটে এ পথ অতিক্রম করবে ট্রেনটি।
আধুনিক সুযোগ সুবিধাসমৃদ্ধ ১২টি শীতাতপ বগি নিয়ে গতিমান এক্সপ্রেস তৈরি করা হয়েছে। এতে থাকছে ওয়াই-ফাই, ডিজিটাল দরজা এবং আরামদায়ক ভ্রমণের সব ধরনের ব্যবস্থা।
শুক্রবার তাজমহল বন্ধ থাকে। এ দিন বাদে সপ্তাহের ছয় দিনই দিল্লি থেকে আগ্রায় যাতায়াত করবে গতিমান এক্সপ্রেস।