নিজস্ব প্রতি01বেদক : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসায় গিয়েও তার স্বাক্ষাৎ পাননি বেকার নার্সদের প্রতিনিধিদল। তারা শনিবার বিকেল ৫টার দিকে তার বাসায় যান। সাড়ে ৭টার দিকে তার বাসা থেকে ফিরে আসেন।

 

বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস জানান, ১০ সদস্যের একটি প্রতিনিধিদল তাদের দাবির বিষয়ে আলোচনার জন্য স্বাস্থ্যমন্ত্রীর বাসায় যান। স্বাস্থ্যমন্ত্রী অসুস্থ থাকায় তার সঙ্গে স্বাক্ষাৎ করতে পারেননি। মন্ত্রীর একান্ত সচিবের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অসুস্থ। আগামীকাল রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে যেতে।

 

রাজীব বলেন, দাবি আদায়ে তাদের আন্দোলন চলবে। আগামীকাল সকাল সাড়ে ১০ টায় তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করবেন।

 

বাংলাদেশে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি রিনা আক্তার, মহাসচিব ফারুখ হোসেন,  বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটির (বিজিএনএস) সভাপতি রাজীব কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার, এনামুল হকসহ ১০ জন স্বাস্থ্যমন্ত্রীর বাসায় যান।

 

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে সেবা পরিদপ্তরের (ডিএনএস) ভবন ঘেরাও করে রাখে বেকার নার্সরা। সকাল থেকে ওই ভবনে কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হয়নি। অবরুদ্ধ করে রাখা হয়েছিল ডিরেক্টর নার্সিং সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের।

 

নাহিদা আক্তার জানান, গত ২৮ মার্চ বাংলাদেশ সরকারি কর্মকমিশন তাদের দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৩ হাজার ৬১৬ সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগ দেওয়ার দাবিতে তারা কর্মসূচি পালন করে আসছে।

 

গত বুধবার একই দাবিতে তারা শাহবাগ মোড়ে সাড়ে ৩ ঘণ্টা অবস্থান করে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড, পেপার স্প্রে, জলকামান ও লাঠিচার্জ করে সরিয়ে দেয় বিক্ষোভকারী নার্সদের।