ঈদের ছুটিতে সঞ্চালন লাইনে মেরামত কাজ করার উদ্যোগ নিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড (পিজিসিএল)। এ জন্য পবিত্র ঈদুল ফিতরের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সিরাজগঞ্জসহ রাজশাহী বিভাগের ৮ জেলায় সকল শ্রেণির গ্রাহকের লাইনে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড (পিজিসিএল) সিরাজগঞ্জের নলকা প্রধান কার্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিটিসিএল-৩০ ইঞ্চি এর ব্যাসের টাঙ্গাইলের এলেঙ্গা-যমুনা (বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত) গ্যাস সঞ্চালন পাইপ লাইনের হুক-আপ কাজ ঈদুল ফিতরের দিন রাত ১০টা থেকে শুরু করে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করা হবে।
এ কার্যক্রম চলাকালে পিজিসিএল এর আওতাধীন রাজশাহী বিভাগের সকল এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।
পবিত্র ঈদ ও সরকারি ছুটির সময়ে গ্যাস কম্পানির এমন উদ্যোগে ভিন্নমত পোষণ করে গ্রাহকরা। সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া মহল্লার বাসিন্দা গৃহবধূ আরজিনা খাতুন বলেন, ঈদে রান্নার চাপ বেশি থাকে। এ সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখলে আমরা ভোগান্তিতে পড়ব। হঠাৎ এমন সিদ্বান্তে রান্নার জন্য বিকল্প ব্যবস্থা করাও মুশকিল হবে। গ্যাস অফিসের এমন সিদ্বান্তে গ্যাসচালিত যানবাহনের চালক ও মালিকরাও চিন্তিত।