বিনো
দন ডেস্ক : অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী প্যাটি ডিউক আর নেই। গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) সকালে যুক্তরাষ্ট্রের ইডাহো অঙ্গরাজ্যের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। জানা গেছে, বেশ কিছুদিন ধরে বাই পোলার পার্সোনালিটি ডিজঅর্ডারে ভুগছিলেন তিনি।
১৯৬৩ সালে দ্য মিরাকল ওর্য়াকার সিনেমায় হেলেন কিলার চরিত্রে অভিনয় করে ১৬ বছর বয়সেই সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি পুরস্কার জিতে নিয়েছিলেন প্যাটি।
ষাটের দশকে টেলিভিশনের পর্দায় ‘প্যাটি ডিউক শো’ দিয়ে বেশ জনপ্রিয়তার পেয়েছিলেন এ অভিনেত্রী। ১৯৬৩-৬৬ টানা তিন মৌসুম টিভিতে প্রচারিত হয় এ অনুষ্ঠান। ২০১৫ সালে ডিজনি চ্যানেলের একটি সিরিজে সর্বশেষ অভিনয় করেছিলেন তিনি। শুধুমাত্র অভিনেত্রী নন লেখালেখি এবং গান গেয়েও জনপ্রিয়তা পেয়েছিলেন প্যাটি ডিউক।
কাজের স্বীকৃতিস্বরূপ দুইবার গোল্ডেন গ্লোব ও তিনবার এমি জিতেছেন প্যাটি। ২০০৪ সালে হলিউডের ‘ওয়াক অব ফেমে’ তার নাম অন্তর্ভুক্ত করা হয়।
হেলেন কিলার ছাড়াও ভ্যালি অব ডলস, মি, নাটাইলি সিনেমা এবং মাই সুইট চার্লি টিভি সিনেমাতে তার চরিত্রগুলোর জন্যও তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।