শেষ ওভারে জিততে চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল ১৭ রান। এরমধ্যে প্রথম দুই বলে ১ রান দিয়ে ১ উইকেট তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্সের বোলার জয়দেব উনাদকাত। টানা ছয় হার দেখা মুম্বাই তখন প্রথম জয়ের সুবাস যেন পাচ্ছিল।

তবে মাহেন্দ্র সিং ধোনি স্ট্রাইকে এসেই যেন পাশার দান বদলে দেন। ৪১ বছর বয়সী ধোনি নিজের ফিনিশিংয়ের পুরানো জাদুতে ৪ বলে ১৬ রান তুলে জয়ের পথে থাকা মুম্বাইকে সপ্তম হারের তেতো স্বাদ দেন। শেষ ওভারে উনাদকাতকে খেলা চার বলে ১টি ছয়, দুটি চার ও ১টি দুই নেন ধোনি।

ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫৫ রান তোলে মুম্বাই। লক্ষ্য তাড়া করতে নেমে ফিনিশার ধোনির জাদুতে শেষ বলে এসে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে মুম্বাই। আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো প্রথম সাত ম্যাচেই হার দেখলো মুম্বাই। অপরদিকে চলতি আসরে ৭ ম্যাচে এটি ধোনিদের দ্বিতীয় জয়।

এদিন শুরুতে ব্যাটিং করে তিলক ভার্মার অপরাজিত ফিফটি (৫১ রান), সূর্যকুমার যাদব (৩২ রান) ও রিত্বিক সৌকিনের (২৫ রান) মাঝারি মানের দুটি ইনিংসে লড়াকু সংগ্রহ পায় মুম্বাই। শেষদিকে উনাদকাতের ৯ বলে ১৯ রানের সুবাদে দেড়শ পেরোয় পাঁচবারের শিরোপা জয়ী দলটি।

লক্ষ্য তাড়া করতে নেমে আম্বাতি রায়ডু ও রুবিন উথাপ্পার ব্যাটে লড়তে থাকে চেন্নাই। রায়ডু ৪০ ও উথাপ্পা ৩০ রানে ফিরলে বিপদে পড়ে দলটি। একপর্যায়ে ধোনি যখন মাঠে নামে তখন ২৯ বলে ৫২ প্রয়োজন ছিল চেন্নাইয়ের। সেখান থেকে ডোয়াইন প্রিটোরিয়াসের ২২ ও ধোনির অপরাজিত ১৩ বলে ২৮ রানের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে থালাইবারা।