লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আইয়ুব আলী নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার পর সব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার (২০ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট সোনারহাট বাইপাস সড়কের কুঠিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আইয়ুব আলী উপজেলার চলবলা ইউনিয়নের হরিশ্বর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন আইয়ুব আলী। পথিমধ্যে কুঠিরপাড় এলাকায় তার পথরোধ করে দুর্বৃত্তরা। তাকে হত্যা করে তারা টাকা-পয়সা লুটে নেয়। তার মরদেহের পাশে পড়েছিল মোটরসাইকেল ও হত্যার সময় ব্যবহৃত ধারালো অস্ত্র। স্থানীয়রা তার রক্তাক্ত মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। এ ঘটনার রহস্য উৎঘাটনে কাজ করছে পুলিশ।