সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বাইরে নির্বাচন কমিশনের (ইসি) দ্বিতীয় কোনো এজেন্ডা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেছেন, সব অংশীজনের সহযোগিতায় একটি ভালো জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হয়েছে। ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে আগে আয়োজন করা হচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, ‘আমরা এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চাই। নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। তবে প্রতিদ্বন্দ্বীরা রাজনৈতিক দলের সমর্থন নিয়ে মাঠে থাকবেন। এ কারণে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন।’
নির্বাচন কমিশনের ভূমিকা তুলে ধরে সিইসি বলেন, ‘ফাউল করার জন্য যাতে মাঠে কেউ না থাকে, সে জন্য রেফারির ভূমিকায় থাকবে ইসি। এ বিষয়ে আমরা আমাদের প্রতিশ্রুতিতে বদ্ধপরিকর।’
তিনি আরও বলেন, ‘ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। আমরা স্বচ্ছ থাকতে চাই। মাঠের বাস্তবতা সবাই জানেন। সম্মিলিতভাবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই।’
এর আগে রোববার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দিনের সংলাপ শুরু হয়। এতে ১৫টি রাজনৈতিক দল অংশ নেয়।
দলগুলো হলো- জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।
সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। আর ১ ডিসেম্বর এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ আরও ১৮টি দলের সঙ্গে সংলাপ করবে ইসি।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।
এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।