রাজধানীর অন্যতম অপরাধপ্রবণ এলাকা মোহাম্মদপুরে এবার দিনে-দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারী রাব্বি আল রাফসান। প্রকাশ্যে চারজন ছিনতাইকারী চাপাতি ঠেকিয়ে তার ব্যাগ ও আইফোন ছিনিয়ে নিয়ে গেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে বেড়িবাঁধ এলাকায় ইউল্যাব ক্যাম্পাসের পাশে জনতা বাজারের সামনে ঘটেছে এ ঘটনা।
রাব্বি আল রাফসান ইউল্যাবে মাস্টার্সের শিক্ষার্থী। তিনি ববি হাজ্জাজের রাজনৈতিক দল এনডিএমের সহকারী হিসেবেও কাজ করেন বলে জানা গেছে।
ভুক্তভোগী রাফসান জানান, ঘটনার দিন মাস্টার্সের ক্লাস থাকায় তিনি মোহাম্মদপুর তিন রাস্তা থেকে অটোরিকশায় করে ইউল্যাব ক্যাম্পাসে যাচ্ছিলেন। ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছালে আরেকটি অটোরিকশা তার রিকশার গতিরোধ করে। ওই রিকশায় থাকা চারজন চাপাতি ঠেকিয়ে তার কাঁধের ব্যাগ ও পকেট থেকে আইফোনটি ছিনিয়ে নেয়। বাধা দিলে চাপাতির উল্টো পাশ দিয়ে তাকে কয়েকটি আঘাত করা হয়, এতে তার ডান হাতে আঘাত লাগে। চিকিৎসা নিয়ে তিনি এখন বাসায় আছেন।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী। তিনি জানান, বিষয়টি ববি হাজ্জাজ জানেন এবং তিনি থানাকেও অবহিত করেছেন। পুলিশ জড়িতদের শনাক্তে কাজ করছে বলেও জানান তিনি।
শনিবার (২৮ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠজনের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় কর্মকর্তারা বেশ চাপে রয়েছেন। ববি হাজ্জাজের পক্ষ থেকেও থানায় ফোন করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় ছিনতাইবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।