আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। তবে, সংলাপের প্রথম দিন রবিবার (২৯ নভেম্বর) আলোচনায় অংশ নিচ্ছে না বিএনপি ও জামায়াতে ইসলামীসহ চারটি দল। অন্য দলগুলো হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বাংলাদেশ খেলাফত আন্দোলন।
প্রথম দিনে ১৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিল ইসি। তবে, বিএনপি ও জামায়াত অংশ না নেওয়ায় এবং জামায়াত জোটের তিনটি দল মৌখিকভাবে অনুপস্থিতির কথা জানানোয় ১৫টি দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন।
শনিবার (২৮ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এসব তথ্য জানান। তিনি বলেন, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।
আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিনব্যাপী নিবন্ধিত রাজনৈতিক ৫৫টি দলের সঙ্গে এ সংলাপ হবে। বিএনপি ও জামায়াত পরবর্তী দিনের সংলাপে অংশ নেবে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার পরিচালক।
ইসির পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।