বরগুনার বেতাগী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজীব জোমাদ্দারের বাসায় মাদক সেবনের সময় দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ সংগঠন বেতাগী উপজেলা ছাত্রলীগ সভাপতি সোহেল আমিন হাওলাদার ও উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নাঈম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজীব জোমাদ্দারের বাসা থেকে তাকেসহ ওই দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে পুলিশ। বেতাগী থানার ডিউটি অফিসার এএসআই নাজমুল বলেন, দুটি রাজনৈতিক দলের তিন নেতাকে মাদকসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিস্তারিত নাম ঠিকানা যাচাই-বাছাই চলছে। কিছুক্ষণ পর বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে জানতে বেতাগী থানার অফিসার ইনচার্জ এনামুল হককে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

বরগুনার পুলিশ সুপার কুদরত ই খুদা জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন বেতাগী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজীব জোমাদ্দারের বাসায় বসে মাদক সেবন করছেন বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল আমিন হাওলাদার ও উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নাঈম খান। তথ্য পেয়ে সঙ্গে সঙ্গে অভিযান চালায় বেতাগী থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে একটি রামদা ও চাবুক।

পুলিশ সুপার জানান, তাদের বিরুদ্ধে মাদকের মামলাসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত আগামীকাল জানানো হবে।