বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি নেতাকর্মীদের উপর দলবদ্ধ হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় প্রাথমিকভাবে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

শনিবার (২৮ নভেম্বর) জেলার মোল্লাহাট উপজেলা মধুমতি ১০০ মেগাওয়াট এইচএফও চালিত বিদ্যুৎকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার পর গোপালগঞ্জ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে এগোতে থাকে। এ সময় দেশীয় লাঠিসোঁটা নিয়ে নদীর এপারে অবস্থান নেওয়া স্থানীয় বিএনপির নেতাকর্মীরাদের হামলা করে তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর আগে গতকাল শুক্রবার রাতে মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা শতাধিক হাতবোমা ও ককটেল মারলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে তৌফিকুজ্জামান শাহীন, লোকমান সরদার, এমদাদুল সরদার, সোহেল রানা মিঠু, বাকামিন, শাহিন, সাহাবুদ্দিন ফকির ও শাহজালালসহ বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত থেকে হামলা চালান বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সংঘবদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছেন। এতে এলাকায় নতুন করে উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা তৈরি হচ্ছে।

এ দিকে এ ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রাতের বেলায় এমন বিস্ফোরণ ও সংঘর্ষে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিরোধের জেরে জনজীবন যেন বিপর্যস্ত না হয়, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।