রাজধানীর ওয়ারী ও হাতিরপুল এলাকায় পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আবেদ আলী উচ্চ বিদ্যালয় ও ইস্টার্ন প্লাজার সামনে এসব বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও হাতিরপুলের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, আজ বিকেল সাড়ে তিনটার দিকে ওয়ারীর আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাদের শনাক্তের চেষ্টা চলছে।
এ দিকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর হাতিরপুল এলাকায় ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।