সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানকের নেতৃত্বে ৮/১০ জনের প্রতিনিধি একটি দল ভারতের ত্রিপুরার আগরতলা বিমানবন্দরে পৌঁছানোর খবর পেয়েছিল বিজিবি। এরপরই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বিজয়নগর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৫ বিজিবি ব্যাটলিয়নের সদস্যরা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে আখাউড়া উত্তর ইউনিয়নের রাজাপুর, নলগড়িয়া সীমান্তে ২৫ বিজিবির সদস্যরা ভারত-বাংলাদেশ সীমান্তে টহল জোরদার করেছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনও অনুপ্রবেশ তারা জিরো টলারেন্স হিসেবে মোকাবিলা করবেন। কাউকে ভারত সীমান্ত থেকে অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না। এ জন্য স্থানীয় গ্রামবাসীকে সহযোগিতা করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ ২৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্তে মাদক চোরাচালান, অনুপ্রবেশ বন্ধসহ জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীকে সজাগ থাকার জন্য বিজিপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার দুপুর ১টার দিকে জাহাঙ্গীর কবীর নানকের নেতৃত্বে ৮/১০ জনের প্রতিনিধি দলটি আগরতলা বিমানবন্দরে পৌঁছান। সেদিন বিকালের পর তারা ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলাসহ কুমিল্লার বিবির বাজার, হবিগঞ্জের খোয়াই সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বলে খবর পাওয়া গেছে। প্রতিনিধি দলটি এখনও আগরতলায় অবস্থান করছেন বলে খবর পাওয়া গেছে।