২৭ বছর আগে মুক্তি পাওয়া গান ‘সাজান সাজান’ নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযো গমাধ্যমে। ভারতীয় সংগীত পরিচালক আনু মালিকের সুর করা এই গান এখন আলোচনায় এসেছে ‘দেশি ব্যাটম্যান’ ভিডিওর কারণে।
পুরোনো এই গানের সঙ্গে ব্যাটম্যানের নানা দৃশ্য জুড়ে তৈরি ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে অনলাইনে।
১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘আরজু’ সিনেমার গান ‘সাজান সাজান তেরি দুলহান’। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আলকা ইয়াগনিক, সুর করেছিলেন আনু মালিক। সম্প্রতি গানটি ব্যবহার করে তৈরি করা হচ্ছে নানা মজার ভিডিও।
এসব ভিডিওতে ব্যাটম্যানকে দেখা যাচ্ছে ভারতের গ্রামের রাস্তা, রেললাইন ও চায়ের দোকানের মতো পরিচিত পরিবেশে। এমনকি একটি ভিডিওতে ব্যাটমোবাইলের বদলে মহিষে চড়েও দেখা গেছে তাকে।
গানটির নতুন করে জনপ্রিয় হয়ে ওঠায় আনন্দিত আনু মালিক। তবে গানটি ব্যবহারের আগে কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি বলে জানিয়েছেন তিনি।
ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সংগীত পরিচালক বলেন, ‘কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। তবে এখন গানটি জনপ্রিয় হওয়ায় অনেকে ফোন করে বলছেন, গানটি কতটা ভাইরাল হয়েছে এবং এর সুর কত ভালো।’
অনু মালিকের মতে, গানের আসল শক্তি হলো সুর। প্রযুক্তি বদলালেও ভালো সুরের আবেদন কখনো হারায় না। মানুষ এখনো পুরনো দিনের গান গুনগুন করে, আর এভাবেই সেগুলো নতুন প্রজন্মের কাছেও পৌঁছে যায়।
শুধু ‘সাজান সাজান’ নয়, তার পুরোনো ‘ডিং ডং’, ‘সোলজার সোলজার’ ও ‘নাইয়ো নাইয়ো’ গানও বিভিন্ন নাচের ভিডিওতে ব্যবহার হচ্ছে। এসব গানের মাধ্যমে চীন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দর্শকদের কাছেও পৌঁছাচ্ছে তার সুর।
‘দেশি ব্যাটম্যান’ ভিডিওগুলোর নির্মাতা চলচ্চিত্র নির্মাতা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কনটেন্ট নির্মাতা সুজল জয়সওয়ার। তার তৈরি ভিডিওতে ব্যাটম্যানকে একেবারে দেশি পরিবেশে নানা কাণ্ড করতে দেখা যায়। আর সেই ভিডিওর সঙ্গে আনু মালিকের পুরোনো গান যুক্ত হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে ‘সাজান সাজান’।