রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঝালকাঠি জেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান শাহিনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তার মফিজুর রহমান শাহিন ছাত্রলীগের নলছিটি উপজেলার সাবেক সহসভাপতি এবং নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর রাজনৈতিক সহকারী (পিএস) ছিলেন।

পুলিশ জানায়, শাহিনের বিরুদ্ধে রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় মিছিল করার তথ্য পাওয়া গেছে। নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।