প্রাণিসম্পদ খাতের বিকাশে সহযোগিতা অব্যাহত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের গ্রামীণ অর্থনীতি বা কৃষি অর্থনীতির প্রাণ হলো কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ। পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিজস্ব উৎপাদনে পুষ্টির জোগান দিয়ে সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি কঠিন নয়। প্রয়োজন সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক বাস্তবায়ন।
তিনি বলেন, যে প্রজন্ম পুষ্টিগতভাবে শক্তিশালী হয়, তাদের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়। মেধাবী জাতি গঠনের স্বপ্ন পুষ্টির নিরাপত্তার সঙ্গে গভীরভাবে যুক্ত। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষ গ্রহণের ৫৬ ভাগ দুধ, মাংস ও ডিম থেকে নিশ্চিত হয়। প্রাণিজ আমিষের উৎপাদন কেবল খাদ্য নিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত।
তারেক রহমান বলেন, প্রাণিসম্পদের উন্নয়ন শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে সীমাবদ্ধ নয়, এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি-নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে। চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ, প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।
তিনি বলেন, ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ সেক্টরে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এ খাতের বিকাশে সরকার সব ধরনের নীতি সহায়তা ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। খামারি ভাই-বোনদের ধন্যবাদ জানান তিনি।
আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা আরও বাড়ানো সম্ভব বলে জানান প্রধানমন্ত্রী। আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারি প্রশিক্ষণ ও গবেষণা যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশ একদিকে স্বনির্ভর হবে, অপরদিকে অর্জিত হবে বৈদেশিক মুদ্রা।
স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত-উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতে সক্ষম হয়েছে। নিত্য নতুন রপ্তানি বাজার সম্প্রসারণ করতে হবে। দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্য রপ্তানির বিশাল সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, পোলট্রি শিল্প অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। দেশে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপন্ন হচ্ছে। পোলট্রি খাতের সঙ্গে প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, এর মধ্যে ৪০ শতাংশই নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগ প্রায় ৫০ হাজার কোটি টাকা।
তিনি বলেন, বর্তমানে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি দৈনিক জীবিকার জন্য পশু পালন করেন। গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। প্রাণিসম্পদের উন্নয়নের প্রধান অন্তরায় রোগবালাই। প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশু চিকিৎসায় ইতোমধ্যে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। এটি পর্যাপ্ত নয়, তাই আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওরে মহিষের উৎপাদন বেশি হয় জানিয়ে তিনি বলেন, এসব অঞ্চলে জেগে ওঠা নতুন চর ও সরকারি খাস জমি সমবায় বন্দোবস্তের মাধ্যমে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দের সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।
শহর অঞ্চলে পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালন বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, এগুলো মানুষের মানসিক প্রশান্তির কারণ হয়ে উঠেছে, আবার অনেকের কাছে আয়েরও উৎস। তবে পশুপাখির অধিকার সম্পর্কেও সচেতন থাকতে হবে। প্রাণীকে ক্ষুধা-তৃষ্ণা থেকে মুক্ত রাখতে হবে, অস্বস্তিতে রাখা যাবে না, ব্যথা, আঘাত ও রোগ থেকে মুক্ত রাখতে হবে, স্বাভাবিক আচরণ প্রকাশের স্বাধীনতা দিতে হবে, ভয় ও মানসিক যন্ত্রণা দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য এ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য জনগণের সামনে তুলে ধরা। খামারিরাই এ খাতের মূল চালিকাশক্তি। খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।