কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন প্রবাসী ভোটাররা।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. আব্দুল মামিন সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে যেসব প্রবাসী ভোটার ইতঃপূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত হয়েছিলেন, তাদের ভোটদানে সম্মতি জানাতে নোটিফিকেশন পাঠানো হবে।

২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে সম্মতি পাওয়ার পর তাদের প্রবাসের ঠিকানায় ব্যালট পাঠানো হবে।

এছাড়া, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রবাসী ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেননি, তারাও এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। তারা ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপে নতুনভাবে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন।