আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও শতাধিক মানুষকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়াই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
তিনি বলেছেন, মামলায় রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষীর সাক্ষ্য, দালিলিক প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আইনে নির্ধারিত সর্বোচ্চ শাস্তি চাওয়া হবে। গুম ও পদ্ধতিগতভাবে সংঘটিত অপরাধের বিচার সম্পন্ন হলে তা দেশের বিচারব্যবস্থায় নতুন নজির হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার সমাপনী যুক্তিতর্ক উপস্থাপনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, মামলার সব নথিপত্র ও সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা করে যুক্তিতর্কের প্রস্তুতি নিয়েছেন। আন্তর্জাতিক অপরাধের বিচারে বিভিন্ন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ও অন্যান্য দেশের আদালতে প্রতিষ্ঠিত নজিরগুলোও পর্যালোচনা করেছেন। সমাপনী বক্তব্যে এসব নজির ও আইনি ব্যাখ্যা ট্রাইব্যুনালের সামনে তুলে ধরবেন।
তিনি বলেন, ট্রাইব্যুনালের নিরপেক্ষতা, বিচারিক দক্ষতা ও বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে যেসব প্রশ্ন তোলা হয়, আন্তর্জাতিক আদালতসহ বিভিন্ন দেশের আদালতের সিদ্ধান্তের আলোকে সেগুলোরও জবাব দেওয়া হবে।
এর আগে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম রাষ্ট্রপক্ষের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। তাদের বক্তব্যের পুনরাবৃত্তি এড়িয়ে নিজের বক্তব্য তুলে ধরবেন বলে জানান অ্যাটর্নি জেনারেল।
তিনি বলেন, তার বক্তব্য মূলত আইনভিত্তিক হবে। তবে যুক্তিতর্কের প্রয়োজনে সাক্ষীদের জবানবন্দি ও ঘটনার পারিপার্শ্বিকতা তুলে ধরতে হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করার চেষ্টা করবেন।
জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা চাওয়া হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনে সর্বোচ্চ যে শাস্তির বিধান রয়েছে, সে বিষয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান আগেই জানানো হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, একজন ব্যক্তির জন্য আইনে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান থাকলে সেটিই চাওয়া হবে।
২০২৪ সালের ৫ আগস্টের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার বিচারকে বিশেষ তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মামলায় এই ট্রাইব্যুনাল রায় দিয়েছেন। তবে গুম ও পদ্ধতিগতভাবে সংঘটিত অপরাধের ভয়াবহতার কারণে এ মামলার বিচারপ্রক্রিয়া আলাদা গুরুত্ব বহন করছে।
অ্যাটর্নি জেনারেলের ভাষ্য, গুম কেবল একজন মানুষকে নিখোঁজ করে দেওয়ার ঘটনা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের দীর্ঘদিনের অনিশ্চয়তা, স্বজন হারানোর অসহনীয় যন্ত্রণা এবং বিচারের অপেক্ষা। এ ধরনের পদ্ধতিগত অপরাধের বিচার সম্পন্ন হলে তা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।