জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আগামীকাল রাজধানীতে সড়ক র‌্যালি অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র‌্যালিটি শুরু হয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র পর্যন্ত যাবে।

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু র‌্যালিতে অংশ নেবেন।

এতে মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রাণিসম্পদ খামারি, উদ্যোক্তা, গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রাণিসম্পদ সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

এর আগে, আজ (২৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে।

এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে।