অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানের পর এবার আরও দুই পুলিশ কর্মকর্তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতরা হলেন- ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএসের কর্মকর্তা মো. রাকিবুল হাসান।
তাদের মধ্যে আবুল কালাম আজাদের বাড়ি ঝালকাঠি জেলার সদর উপজেলায় এবং রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক দায়িত্বশীল সূত্র তাদের আটকের তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ সুপার হিসেবে পিবিআইতে কর্মরত। তাকে গাজীপুর থেকে আটক করা হয়। আর অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়। তবে কী অভিযোগে তাদের আটক করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এর আগে গত সোমবার গোপালগঞ্জ জেলায় সাম্প্রতিক নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়।
সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম আলোচনায় আসে। থানা পোড়ানোর পরিকল্পনায় পুলিশ কর্মকর্তা আবুল হাসান থাকার অভিযোগ তোলেন কেউ কেউ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েপড়া পোস্টগুলোতে দাবি করা হয়, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পেছনে আবুল হাসানের ভূমিকা ছিল।
এদিকে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। একই সঙ্গে বাহিনীর ভেতরেও নজরদারি বেড়েছে। পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র বলছে, অভ্যন্তরীণ তথ্য ফাঁস এবং সাম্প্রতিক নাশকতার ঘটনায় যোগসাজশের অভিযোগে কিছু পুলিশ কর্মকর্তার নাম এসেছে।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র বলছে, বিভিন্ন ইউনিটে নতুন নেতৃত্ব এনে মাঠপর্যায়ে বাহিনীকে নতুন করে সাজানো হচ্ছে।
বাহিনীর ভেতরে নজরদারির কথা গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও। তিনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ‘ফ্যাসিস্ট শক্তির’ সঙ্গে যুক্ত আছেন। তারা ষড়যন্ত্র করছেন। সরকার তাদের কঠোর নজরদারিতে রেখেছে। কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পুলিশ বাহিনীর ভেতর থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের ঘটনাও ঘটছে। এমন অভিযোগের সূত্র ধরে দেশে কর্মরত কিছু কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে। এখন পর্যন্ত দুজন কর্মকর্তাকে গ্রেফতারও করা হয়েছে। হেফাজতে আছেন আরও একজন।
প্রথম গ্রেফতার হন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ১৪ নভেম্বর রাতে তাকে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দেওয়া হয়। পাঁচলাইশ থানায় করা ওই মামলায় বলা হয়েছে, ব্যক্তিগত ও সরকারি মোবাইলে জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। পুলিশের অভ্যন্তরীণ তথ্যও আওয়ামী লীগের নেতাদের কাছে সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।