নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ। চার দিন ধরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার (২৫ নভেম্বর) মাঝ রাতে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
তার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে ল্যাবএইড হাসপাতালে মামুনুর রশীদের শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরিবারের সদস্যরা জানতে পারেন, তার অবস্থা সংকটাপন্ন। এরপর পারিবারিকভাবে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।
রাত ১১টার দিকে ফোনে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। মামুনুর রশীদের ছোট ভাই রশিদ আমিনও হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানান।
মামুনুর রশীদকে এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। এরপর আবার অভিনয়েও ফিরেছিলেন।
বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও রয়েছে তার বিশেষ পরিচিতি। স্বাধীনতার পর দেশের নাট্যচর্চাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ১৯৭২ সালে তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’।
১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলের ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। স্কুলজীবন থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সময় নাট্যচর্চার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ষাটের দশকেই টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন মামুনুর রশীদ। তার লেখা প্রথম টেলিভিশন নাটক ‘চেনামুখ’। স্বাধীনতার পর প্রতিষ্ঠা করেন ‘আরণ্যক নাট্যদল’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।
মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন মামুনুর রশীদ। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি।