গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিএম হারুন-অর-রশিদ পিনুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২২ নভেম্বর) রাত ২টা ৫০ মিনিটের দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান (সিআইপি), অকোটেক্স গ্রুপের চেয়ারম্যানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার বিএম হারুন-অর-রশিদ পিনু (৫২) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা। তিনি রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কাশিয়ানী থানা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতা, যৌথ বাহিনীর ওপর হত্যার উদ্দেশ্যে হামলা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জনজীবন বিপর্যস্ত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের নেতৃত্বস্থানীয় সংগঠক বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।