মিস ইউনিভার্সের মঞ্চে সৌন্দর্যের পাশাপাশি বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও বিচক্ষণতার পরিচয় দিয়ে আলোচনায় এসেছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার বারেতো। প্রতিযোগিতার ৭৫তম আসরে নেতৃত্ব, সহমর্মিতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার নিয়ে তার দেওয়া বক্তব্য নজর কেড়েছে বিচারক ও দর্শকদের।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জেনিফারকে প্রশ্ন করা হয়, বর্তমান বিশ্বে নেতাদের কাছে মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা কী?

জবাবে ২৭ বছর বয়সী জেনিফার বলেন, বিশ্ববাসী এমন নেতা প্রত্যাশা করে, যারা দক্ষ হওয়ার পাশাপাশি সহমর্মীও হবেন। তার মতে, মানুষ প্রতিনিয়ত নানা বিচার ও প্রশ্নের মুখোমুখি হয়। এমন পরিস্থিতিতে নেতাদের নিজেদের অবস্থানে দৃঢ় থেকে অন্যদের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা জরুরি।

তিনি আরও বলেন, একজন সম্ভাবনাময় নেতা হিসেবে তার লক্ষ্য দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনা। আর সেই পরিবর্তনের জন্য মানুষের প্রয়োজন ও প্রত্যাশা মনোযোগ দিয়ে শোনা প্রয়োজন। মানুষের চাহিদা বুঝে ক্ষতিকর আচরণ প্রতিরোধের কৌশল পরিবর্তন করতে পারলেই প্রকৃত পরিবর্তন সম্ভব।

এর আগে প্রতিযোগিতার অন্য একটি পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও প্রশ্নের মুখোমুখি হন জেনিফার। তাকে জিজ্ঞেস করা হয়, এআইয়ের বিকাশের এই সময়ে মানুষের কোন মূল্যবোধটি কোনোভাবেই হারানো উচিত নয়?

উত্তরে তিনি বলেন, আমরা চাই বা না চাই, এআই এখন আমাদের নিত্যসঙ্গী। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর সতর্ক ও দায়িত্বশীল ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি আমাদের মূল্যবোধকে ঝুঁকির মুখে ফেলে, তাহলে সেটি কখনোই গ্রহণযোগ্য নয়। আমাদের মূল্যবোধই আমাদের স্বতন্ত্র পরিচয় তৈরি করে এবং নিজেদের সত্যিকারের মানুষ হিসেবে ধরে রাখতে সাহায্য করে।

জেনিফারের মতে, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলার পাশাপাশি মানুষের নিজস্ব মূল্যবোধ ও মানবিক পরিচয় অক্ষুণ্ন রাখাও জরুরি। নেতৃত্বে সহমর্মিতা এবং প্রযুক্তির ব্যবহারে দায়িত্বশীলতার ওপর তার গুরুত্বারোপ প্রতিযোগিতার মঞ্চে বিশেষভাবে আলোচিত হয়েছে।

ব্যক্তিগত জীবনেও বেশ বৈচিত্র্যময় জেনিফার। ২৭ বছর বয়সী এই প্রতিযোগী মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে দুটি স্নাতকোত্তর ডিগ্রিধারী। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সেনাবাহিনী শাখায় প্রিভেনশন স্পেশালিস্ট হিসেবে কর্মরত। বিবাহিত জেনিফার সাত বছর বয়সী এক কন্যাসন্তানের মা।

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনিজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ।