জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর বিচারক নূরে আলম ভূঁইয়া পৃথক দুই ধারায় এ সাজা ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মারিয়াম লাকি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মানিককে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই আইনের ২৭(১) ধারায় তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫৮ লাখ ৮৭ হাজার ৯৫১ টাকা জরিমানা করা হয়। এই অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। তবে দুই ধারায় দেওয়া কারাদণ্ড একই সঙ্গে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২ নভেম্বর দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ৭১ লাখ ৯৯ হাজার ৫২৩ টাকার সম্পদের তথ্য গোপন করেন মানিক। ওই বিবরণীতে তিনি মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেন বলেও অভিযোগ করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ৯৮ লাখ ২০ হাজার ৭৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়।

এসব অভিযোগে ২০২৫ সালের ৬ মার্চ দুদকের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। গত ২৯ জুলাই মামলাটিতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।