রাজধানীর তুরাগ থেকে মো. ফরিদুল ইসলাম (৪৭) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে তুরাগ থানার শুক্রভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফরিদুল ইসলামের বিরুদ্ধে তুরাগ থানাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে দুটি মামলার তথ্যও পাওয়া গেছে।

পুলিশ জানায়, শুক্রভাঙ্গা এলাকা থেকে অভিযান চালিয়েছে ফরিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম মফিজ উদ্দিন মণ্ডল এবং মায়ের নাম লতিফা বেগম। তার স্থায়ী ঠিকানা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পশ্চিম সুখনগরী। বর্তমানে তিনি তুরাগের শুক্রভাঙ্গা মোড় এলাকায় বসবাস করতেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফরিদুল ইসলামের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে ডিএমপির যাত্রাবাড়ী থানায় ২০২৫ সালের ৬ জুলাই করা একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। অন্য মামলাটি জামালপুরের মাদারগঞ্জ থানায় ২০২৪ সালের ২৯ নভেম্বর করা।

গ্রেপ্তার ফরিদুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।