কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে এক শিশু।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কক্সবাজার অভিমুখী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও উল্টো দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। তবে নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের বাসের সঙ্গে চকরিয়াগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন। অপর আহত যাত্রীদের আশঙ্কাজনক অবস্থায় পথচারীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।